গোবিন্দগঞ্জে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ফাইল ছবি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাটারী এলাকার মৃত জহিদুর মিয়ার ছেলে হযরত আলী (৬০) এবং পাবনা সদর উপজেলার মহেন্দ্রপুর (মহিষগাড়া) এলাকার আব্দুস সালামের স্ত্রী শাহানাজ বেগম (৪৮)।
বুধবার (১৫ জুলাই) দুপুরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নিয়মিত রাতের টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চারমাথা মোড়ে মাদক কেনাবেচা হচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুইজনকে তল্লাশি করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়।
ওসি মোহাম্মদ মোজাম্মেল হক জানান, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জব্দ করা গাঁজাসহ তাদের বুধবার আদালতে পাঠানো হয়েছে।