কৃষক হত্যা ও ট্রান্সফরমার চুরি: গাইবান্ধা থেকে গ্রেপ্তার ১

কৃষক হত্যা ও ট্রান্সফরমার চুরি: গাইবান্ধা থেকে গ্রেপ্তার ১

প্রতিকি ছবি

 

রংপুরের পীরগঞ্জে কৃষক মফিজার রহমানকে হত্যা করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সেচ পাম্পের ট্রান্সফর্মার চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাইবান্ধা থেকে শহিদুল ইসলাম (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার শহিদুল ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পুরান্দার এলাকার মফিজ উদ্দিন শেখের ছেলে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার রাতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জুনদহ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়

র‌্যাব জানায়, পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর গ্রামের কৃষক মফিজার রহমানের জমিতে বিএডিসির একটি গভীর নলকূপ স্থাপন করা ছিল। ট্রান্সফর্মারের নিরাপত্তার জন্য তিনি প্রতিদিন রাতেই সেচঘরে অবস্থান করতেন।

গত ৭ মে সকালে প্রতিবেশী এক ব্যক্তি মুঠোফোনে মফিজারের পরিবারকে ট্রান্সফর্মার চুরির বিষয়টি জানান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেচঘরের দরজা বাইরে থেকে বন্ধ অবস্থায় দেখতে পান।

পরে ঘরের ভেতর থেকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় মফিজার রহমানের মরদেহ উদ্ধার করা হয়।

র‌্যাবের ভাষ্য, ট্রান্সফর্মার চুরিতে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা মফিজার রহমানকে হত্যা করে ট্রান্সফর্মার নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের ভাই মনুয়ার হোসেন বাদী হয়ে ওই দিনই পীরগঞ্জ থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। পরে মামলাটির তদন্তে গোয়েন্দা নজরদারি জোরদার করে র‌্যাব।

তদন্তের একপর্যায়ে শহিদুল ইসলামের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানিয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।