‘যাই কর না কেন, বিশ্বকাপ জিততে পারবে না’, আর্জেন্টিনাকে খোঁচা ক্যাসিয়াসের
সংগৃহীত ছবি
স্পেনের কিংবদন্তি গোলরক্ষক ইকার ক্যাসিয়াস আর্জেন্টিনার ফাইনালে ওঠার পর কিছু ঝাঁঝালো মন্তব্য করেছেন। আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জিতে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এই জয়ের পরই এসব মন্তব্য করেন সাবেক এই বিশ্বচ্যাম্পিয়ন গোলরক্ষক।
প্রথমে রিয়াল মাদ্রিদের সাবেক এই গোলরক্ষক ইংল্যান্ডের কোচ থমাস টুখেলের কৌশল নিয়ে সমালোচনা করেন। অ্যান্থনি গর্ডনের গোলের পর তিনি বলেন, ‘গোল করার পর তারা রক্ষণে নেমে পড়ল। এটা ভীতুর কৌশল। তারা নিজেদের বক্স ছাড়েনি, আর এতেই আর্জেন্টিনা বেশি সুযোগ পেয়েছে। যা হওয়ার তাই হয়েছে।’
ম্যাচ শেষ হওয়ার পরপরই তিনি বলেন, ইংল্যান্ড নিজেদের কৌশলের কারণেই ‘একা একা ম্যাচটা হেরেছে’। তিনি আরও বলেন, ইংল্যান্ড ‘৩০ মিনিট ধরে’ আর্জেন্টিনাকে সব কিছু করতে দিয়েছে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক বলেন, ‘এটা হতে পারে না। ফাইনালে স্পেনের মুখোমুখি আর্জেন্টিনা। এটা অবিশ্বাস্য কিছু হতে যাচ্ছে।’
এরপর একের পর এক টুইটে তিনি স্পষ্ট করে দেন, ফাইনালে তিনি স্পেনের ওপর ভরসা রাখছেন। তিনি বলেন, ‘তোমরা চতুর্থ তারাটা সেলাই করতে পারবে না।’ তিনি আরও যোগ করেন, ‘চতুর্থ তারা হবে না। আমরা দ্বিতীয় তারাটার দিকে এগিয়ে যাচ্ছি! এগিয়ে চলো স্পেন!’ বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ম্যাচগুলোতে বছরের পর বছর মেসির কাছে ভুগেছেন এই গোলরক্ষক।
ম্যাচে প্রথমে অ্যান্থনি গর্ডনের গোলে ১-০ গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। তবে শেষ দিকে দুর্দান্ত দুটি গোলে ম্যাচের ফল পাল্টে দেয় তারা। প্রথমে গোল করেন এনজো ফার্নান্দেজ, দুর্দান্ত এক শটে। এরপর মেসির ডান পায়ের ক্রস থেকে হেডে গোল করেন লাউতারো মার্তিনেজ।
আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে এই বিশেষ লড়াই জিতে আরেকটি ইতিহাস গড়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের গ্র্যান্ড ফাইনালে উঠেছে তারা। ফাইনালে তাদের প্রতিপক্ষ স্পেন। ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক/নিউ জার্সিতে, ১৯ জুলাই রাতে।
শিরোপার জন্য এটি আর্জেন্টিনার সপ্তম ফাইনাল। মেসি ও স্কালোনির হাত ধরে চতুর্থ তারার খোঁজে আছে দলটি।