কুষ্টিয়া জিলা স্কুলের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৬৪ কৃতী ছাত্রকে সংবর্ধনা
ছবি: প্রতিনিধি
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জনকারী কুষ্টিয়া জিলা স্কুলের ৬৪ জন শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) অর্ধ-বার্ষিক পরীক্ষার শেষ দিনে, দুপুর সাড়ে বারোটায় বিদ্যালয় অডিটোরিয়ামে স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। লটারির মাধ্যমে ভর্তি হওয়া এই ব্যাচের শিক্ষার্থীদের সাফল্য উদযাপনে তাদের ফুলের শুভেচ্ছা ও প্রাতিষ্ঠানিক অভিনন্দন জানানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিবা ও প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক যথাক্রমে মোহাঃ আমিরুল ইসলাম ও মোল্লা মাহবুবুর রহমান। এছাড়াও সংশ্লিষ্ট শ্রেণির শ্রেণি শিক্ষকসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মুন্সী কামরুজ্জামান বলেন, "মেধা পরীক্ষা ছাড়া লটারির মাধ্যমে ভর্তি হওয়া ব্যাচ নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল, শিক্ষকরা তাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলেন। শিক্ষার্থীদের মৌলিক ভিত্তি মজবুত করতে শিক্ষকদের কঠোর পরিশ্রম, সততা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার ফলেই এই অভাবনীয় ফলাফল অর্জন সম্ভব হয়েছে। কুষ্টিয়া জিলা স্কুল যেকোনো সাধারণ শিক্ষার্থীকেই অনন্য ও অসাধারণ করে গড়ে তোলার সামর্থ্য রাখে—এই ফলাফল তারই সুনিশ্চিত প্রমাণ।"
উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে কুষ্টিয়া জিলা স্কুলের দিবা ও প্রভাতী উভয় শাখা থেকে সমসংখ্যক শিক্ষার্থী বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে। দুই শাখার প্রতিটিতেই ৩২ জন করে মোট ৬৪ জন শিক্ষার্থী সফল হয়েছে, যার মধ্যে উভয় শাখাতেই সমানভাবে ১৯ জন ট্যালেন্টপুলে এবং ১৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কৃতী শিক্ষার্থীদের প্রত্যেককে বিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফুলের স্টিক দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অডিটোরিয়ামের মূল আনুষ্ঠানিকতা শেষে সংবর্ধিত সকল শিক্ষার্থী, প্রধান শিক্ষক ও শিক্ষক মন্ডলীকে সাথে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণের ঐতিহাসিক শহীদ মিনারে এক ফটো সেশনে অংশ নেন। ফটোসেশন শেষে প্রধান শিক্ষক নিজে এবং সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মিষ্টি খাইয়ে দেন।