জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে : এমপি মানিক
সংগৃহীত ছবি
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, জুলাই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছে, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সাধারণ শিক্ষার্থী ও আপামর জনসাধারণের অংশগ্রহণ ছাড়া সেই আন্দোলনের সফলতা এবং পরবর্তী পরিবর্তন সম্ভব হতো না। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। তাদের আত্মত্যাগের সম্মান জানাতে প্রতি বছর জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা। সভায় স্মৃতিচারণ করেন জুলাই যোদ্ধা সাজ্জাদের বাবা জসিম রেজা। এছাড়া বক্তব্য রাখেন, জিয়াউর রহমান সোহাগ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মামুন খান, সদস্য ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো: জিহাদ হোসেন, জুলাই যোদ্ধা নাজমুত সালাত সাকিব এবং সাগর হোসেন।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মো. মিজানুর রহমান, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, জেলা পরিবেশ অধিদপ্তর উপ-পরিচালক মো. মিজানুর রহমান, জেলা জজ আদালতের পিপি এড. কোহিনুর আক্তার, প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন, কালেক্টরেট মসজিদের খতিব মাও. মোশাররফ হোসাইন।
এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।