কালীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কালীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতিকি ছবি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে জাকিয়া আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার মদাতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কৈটারী মৌজায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকিয়া স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে জাকিয়া।

সাঁতার না জানায় একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুকুরে অনুসন্ধান শুরু করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ চেষ্টা শেষে দুপুর ১২টার দিকে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে গভীর শোক প্রকাশ করেছে লালমনিরহাট জেলা প্রশাসন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।