সিরাজদিখানে মাদক সেবনের দায়ে দুই যুবকের তিন মাসের কারাদণ্ড
ফাইল ছবি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন (৩) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সিরাজদিখান বাজার এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। দণ্ডপ্রাপ্তরা হলেন আশিক মনি দাস (২২) এবং রনি চন্দ্র মন্ডল (৩৪)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় তাদের বিরুদ্ধে মাদক সেবনের প্রমাণ পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেককে তিন (৩) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সমাজে মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।