কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: ডা. জাহিদ

কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: ডা. জাহিদ

সংগৃহীত

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”

শুক্রবার (১৭ জুলাই) রাতে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা অডিটোরিয়ামে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ, সার, গাছের চারা ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এম জাহিদ হোসেন বলেন, “প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকার ধারাবাহিকভাবে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন করছে। বিনামূল্যে বীজ, সার, গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং উৎপাদন বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি বলেন, “খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির বিকল্প নেই। কৃষকদের নতুন প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে হবে। একই সঙ্গে কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

রাজনৈতিক প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, “বিএনপি জনগণের দল। এই দলের জন্ম হয়েছে জনগণের ভেতর থেকে। বিএনপির ইতিহাস পালিয়ে যাওয়ার নয়, আত্মসমর্পণেরও নয়। জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী কৃষকদের মাঝে উন্নতমানের বীজ, রাসায়নিক সার, ফলজ ও বনজ গাছের চারা এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।