টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত ব্যক্তি উদ্ধার

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত ব্যক্তি উদ্ধার

প্রতিকি ছবি

 

কক্সবাজারের টেকনাফের শালবাগান নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে অপহৃত মো. ইসমাইল (৫১) নামে এক ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১৫। তবে অভিযানের সময় অপহরণকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, গত ১৫ জুলাই টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লালপাহাড় এলাকার নুরুল হকের ছেলে মো. ইসমাইলকে হ্নীলা ইউনিয়নের লেদাপাড়া এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের অপহরণকারীরা তুলে নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের বোন সমসু নাহার ১৬ জুলাই টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর র‌্যাব-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল অপহৃত ব্যক্তিকে উদ্ধারে এবং অপহরণকারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি ও অভিযান শুরু করে।

এর ধারাবাহিকতায় শনিবার বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের শালবাগান রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইসমাইলের অবস্থান শনাক্ত করা হয়। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের সদস্যরা গহীন পাহাড়ে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ইসমাইল জানান, অপহরণকারীরা তাকে পাহাড়ি এলাকায় আটকে রেখে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। মুক্তিপণের টাকা আদায়ের জন্য তার ওপর শারীরিক নির্যাতনও চালানো হয়।

উদ্ধার হওয়া ইসমাইলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।