ঝালকাঠিতে বস্তাবন্দি নারীর মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে বস্তাবন্দি নারীর মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

ঝালকাঠি শহরে একটি ভাড়া বাসা থেকে মলিনা রায় (৫৫) নামে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের টিএন্ডটি সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, চুরি বা ডাকাতির সময় বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

পুলিশ জানিয়েছে, শহরের টিএন্ডটি সড়কের তপন হালদারের বাসার নিচতলায় ভাড়া থাকতেন মলিনা রায়। শুক্রবার পরিবারের সদস্যরা কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলি এলাকায় রথযাত্রা উৎসবে অংশ নিতে বাইরে যান। সন্ধ্যায় ফিরে তারা বাসার প্রধান দরজা খোলা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে একটি কক্ষের ভেতরে বস্তাবন্দি অবস্থায় মলিনা রায়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

এদিকে, একই সময়ে ভবনের আরও তিনটি ফ্ল্যাটে চুরি বা ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ঝালকাঠি সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামতও সংগ্রহ করা হয়েছে।

স্থানীয়দের ধারণা, ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করেছিল। এ সময় বাধা দেওয়ায় মলিনা রায়কে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনই নিশ্চিত কোনো মন্তব্য করেনি পুলিশ।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস. এম. বায়জীদ ইবনে আকবর বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত আছে।’

এদিকে, সদর থানার এসআই আসাদুল আল গালিব জানান, শনিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।