১২ কোটির সিটেও ভোগান্তি, ফিফার সমালোচনা
সংগৃহীত ছবি
বিশ্বকাপ ফাইনালের মতো মহারণে মাঠের একেবারে কাছ থেকে খেলা দেখার সুযোগ কে না নিতে চাইবে। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালও দেখতে চেয়েছিলেন দর্শক। এজন্য প্রায় ১২ কোটি টাকা মূল্যের বিশেষ আসন নিতে হয়েছে।
ফিফার অফিশিয়াল হসপিটালিটি পার্টনার ‘অন লোকেশন’ মাঠের সাইডলাইনের পাশে ১২টি বিশেষ ‘অন-দ্য-পিচ’ আসনের ব্যবস্থা করে। প্রতিটি আসনের মূল্য ছিল ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকার সমান। সেই সিট নিয়ে চলছে সমালোচনা।
ম্যাচ শুরুর আগে ওই আসনের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। তবে ছবিতে দেখা যায়, আসনের সামনে কাচের নিরাপত্তা বেষ্টনী থাকায় দর্শকদের দৃষ্টিসীমা আংশিকভাবে বাধাগ্রস্ত হচ্ছিল। পাশাপাশি মাঠের ধারে অবস্থান করা ফটোগ্রাফারদের কারণেও খেলা নির্বিঘ্নে উপভোগ করা কঠিন হয়ে পড়ে।
এ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। একজন লিখেছেন, ‘১০ লাখ ডলার খরচ করেও এমন ভিউ—বিশ্বাস করা কঠিন।’ আরেকজনের মন্তব্য, ‘ফুটবল এখন এমন জায়গায় পৌঁছেছে, যেখানে দামই সবকিছু; অভিজ্ঞতা নয়। ‘ কেউ আবার ব্যঙ্গ করে লেখেন, ‘ভালো হয়েছে অন্তত সানহ্যাটটা বিনা মূল্যে দিয়েছে!’
বিশ্বকাপ ফাইনালের এই ‘অন-দ্য-পিচ’ আসনকে অনেকেই ক্রীড়া ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল দর্শকাসন হিসেবে উল্লেখ করছেন। তবে বিপুল মূল্য পরিশোধ করেও কাঙ্ক্ষিত ভিউ না পাওয়ায় সেই বিলাসী অভিজ্ঞতাই শেষ পর্যন্ত সমালোচনার জন্ম দিয়েছে।