রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬০, ইয়াবা জব্দ ১২ হাজার

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬০, ইয়াবা জব্দ ১২ হাজার

প্রতিকী ছবি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৪৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৯টি মামলা দায়েরের পাশাপাশি ১২ হাজার ৮৪ পিস ইয়াবা, গাঁজা, এস্কাফ সিরাপ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৯ জন, লালবাগ বিভাগ থেকে ৩৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৭ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৬ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬২ জন, মিরপুর বিভাগ থেকে ১২৬ জন, গুলশান বিভাগ থেকে ৩৪ জন, উত্তরা বিভাগ থেকে ৪৭ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১২ হাজার ৮৪ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ১০০ বোতল এস্কাফ সিরাপ এবং নগদ ৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।