বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় আলিম পরীক্ষার্থীসহ নিহত ২
প্রতীকী ছবি।
বাগেরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলিম পরীক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) দুপুরে সদর উপজেলার রহিমাবাদ স্কুল এলাকায় খুলনা-রূপসা পুরাতন সড়কে এ দুর্ঘটনা ঘটে। ওই দিন রাতে খুলনার দুটি পৃথক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহত ব্যক্তিরা হলেন-বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া এলাকার মো. মইনুল কাজী (৫২) এবং একই এলাকার আরাফাত (১৮)। আরাফাত এ বছর আলিম পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। দুর্ঘটনায় আহত অপর একজন বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে রহিমাবাদ স্কুলের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে বাগেরহাট জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বিকেলে একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজনকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাদের মৃত্যু হয়। রোববার (১৯ জুলাই) বিকেলে নিজ গ্রামে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়েছে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুল আরেফিন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ৩ জনের মধ্যে ২ জন চিকিৎসাধীন অবস্থায় খুলনায় মারা গেছেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।