নারায়ণগঞ্জকে ‘সেফ সিটি’ গড়তে এআই ক্যামেরা স্থাপনের উদ্যোগ

নারায়ণগঞ্জকে ‘সেফ সিটি’ গড়তে এআই ক্যামেরা স্থাপনের উদ্যোগ

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, নারায়ণগঞ্জকে ‘সেফ সিটি’ হিসেবে গড়ে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নজরদারি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যাতে অপরাধীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হয়।

সোমবার বিকেলে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এআই ক্যামেরা স্থাপনের প্রকল্পটি যেন প্রথমে নারায়ণগঞ্জে বাস্তবায়িত হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, প্রতিদিন নারায়ণগঞ্জ থেকে লক্ষাধিক মানুষ ঢাকায় যাতায়াত করেন। নারায়ণগঞ্জ মেট্রোরেলের আওতায় এলে যাত্রীদের ভোগান্তি অনেক কমে যাবে এবং এটি জেলার মানুষের জন্য বড় ধরনের সুবিধা বয়ে আনবে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জকে মেট্রোপলিটন সিটির আওতায় আনার দাবি জানানো হচ্ছে। এতে আইনশৃঙ্খলা রক্ষায় বিদ্যমান জনবল সংকট অনেকটাই দূর হবে। পাশাপাশি দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) নারায়ণগঞ্জের উল্লেখযোগ্য অবদান থাকা সত্ত্বেও জেলা এখনো কাঙ্ক্ষিত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এ কারণে জেলাটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে বিশেষ বা ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করার দাবি জানান তিনি।