ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যার অভিযোগ

প্রতিকি ছবি

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে হাঁসের বাচ্চা বিক্রিকে কেন্দ্র করে মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকাল ১১টায় উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের মাদ্রাসা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী সাতগাঁও গ্রামের মৃত কলম উদ্দিন এর ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত রবিবার উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের মাদ্রাসাপাড়ার নেজের বাড়ির মৃত নুর মোহাম্মদ এর ছেলে দুধ মিয়া (৪৫) ও তার স্ত্রী  নিহত মোহাম্মদ আলীর কাছে ৬টি হাঁসের বাচ্চা বিক্রি করেন। বাচ্চা বাড়িতে নেওয়ার পর দুটি বাচ্চা মারা যায়। সকালে মোহাম্মদ আলী ও তার স্ত্রী গ্রামের আরো কয়েকজনকে সাথে নিয়ে অবশিষ্ট বাচ্চাগুলোকে ফেরত দিতে আসে এবং টাকা ফেরত চায়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুধ মিয়া তার বসতঘর থেকে লাঠি এনে মোহাম্মদ আলীর কোমরে আঘাত করেন। পরবর্তীতে দুধ মিয়ার স্ত্রী স্বামীর হাতের লাঠি নিয়ে মাথা ও ঘাড়ে আঘাত করলে ঘটনাস্থলে মোহাম্মদ আলী মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিজয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হাঁস নিয়ে ঝামেলার কথা শুনেছি। নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট ও অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।