নওগাঁয় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের খুন

নওগাঁয় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের খুন

প্রতীকী ছবি।

নওগাঁর বদলগাছী উপজেলায় কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মীর ইসমাইল হোসেন (৮৩) নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতমীর ইসমাইল হোসেন বদলগাছী সদর ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত ইয়াসিন আলী মীরের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি ফিফা বিশ্বকাপের ফুটবল খেলা দেখার জন্য এলাকায় পিকনিকের আয়োজন করে স্থানীয় যুবকরা। সেই পিকনিকে প্লেট হিসেবে ব্যবহারের জন্য কলার পাতা কাটতে গিয়ে মীর ইসমাইল হোসেন এবং তার ছোট ভাই মীর মোশাররফ হোসেনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে ছোট ভাইয়ের লাঠির আঘাতে ইসমাইল মীর এবং তার ছেলে সোহরাব হোসেন ও তার স্ত্রী মোমেনা বেগম গুরুতর আহত হন। এরপর পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে মীর ইসমাইলের অবস্থা অবনতি হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। নওগাঁতে কয়েকদিন চিকিৎসা শেষে আজ ভোরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। এরইমধ্যে পুলিশ অভিযান চালিয়েঅভিযুক্ত মীর মোশাররফ হোসেনের স্ত্রী বেদেনা বেগম এবং তাদের ছেলে মীর বাধনকে আটক করা হয়েছে। এবং পলাতক মীর মোশাররফ হোসেনকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।