ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
প্রতীকী ছবি
ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রির অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
এর আগে সোমবার দিবাগত রাতে জামালপুর ইউনিয়নের পূর্ব পারপুগী এলাকায় নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- পূর্বপারপুগী গ্রামের মো. কোরবান আলী (৪১) ও তার স্ত্রী মোছা. জেসমিন খাতুন (২৭)। অভিযান কালে তাদের আধাপাকা বসতঘর তল্লাশি করে ১৮৩ বোতল ফেনসিডিল, ১৫৭ বোতল এসকাফ ও ১৩ বোতল এমকেডিলসহ মোট ৩৫৩ বোতল মদ জব্দ করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ২৩ হাজার ৭ শ টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব-১৩’র মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেপ্তার দুজন পেশাদার মাদক কারবারি। গোপন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে ওই গ্রামের কোরবান আলীর বাড়িতে অভিযান চালানো হয়। ঘরে মজুদ রাখা এসব মাদক উদ্ধার করার পর ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদক এনে রেখে ঠাকুরগাঁওসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।