বিক্ষোভের মধ্যে দিল্লিতে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

বিক্ষোভের মধ্যে দিল্লিতে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ছবিঃ সংগৃহীত।

ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভ ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় একসঙ্গে ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)। এ সিদ্ধান্তে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

বন্ধ থাকা স্টেশনগুলো হলো  লোক কল্যাণ মার্গ, রাজীব চৌক, প্যাটেল চৌক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ এবং শিবাজি স্টেডিয়াম।

গত সোমবার ও মঙ্গলবার সংসদ ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার পর কংগ্রেস, আম আদমি পার্টি (এএপি) ও সমাজবাদী পার্টিসহ বিভিন্ন বিরোধী দলের বিক্ষোভে রাজধানীর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এর পাশাপাশি ভারত-যুক্তরাষ্ট্র চুক্তির বিরোধিতায় পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের কৃষকদের আন্দোলন এবং কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে সীমান্তবর্তী এলাকাগুলোতেও বিক্ষোভ অব্যাহত রয়েছে।

প্রশাসনের ধারণা, রাজধানীর ভেতরে বিক্ষোভ আরও ছড়িয়ে পড়া ঠেকাতে এবং বহিরাগত আন্দোলনকারীদের চলাচল নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে এসব মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে।

নিরাপত্তা জোরদারে রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি ভবন, প্রশাসনিক এলাকা ও সংবেদনশীল স্থানে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে প্রশাসন।

ডিএমআরসি জানিয়েছে, বন্ধ স্টেশনগুলোতে আপাতত যাত্রীদের প্রবেশ ও প্রস্থান বন্ধ থাকবে। তবে সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল অব্যাহত থাকবে এবং ট্রেনগুলো বন্ধ স্টেশনগুলোতে না থেমে চলবে।

যাত্রীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পাশাপাশি যাত্রার আগে সর্বশেষ সেবা-সংক্রান্ত তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে স্টেশনগুলো পুনরায় চালু করা হবে।