ঢাকা–সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড গোলচত্বরে সড়ক উন্নয়নকাজ, মহাসড়কের বিভিন্ন স্থানে গর্ত, ভারী বৃষ্টিপাত এবং বিকল পণ্যবাহী যানবাহনের কারণে ঢাকা–সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার দুপুর থেকে শুরু হওয়া এ যানজট সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকায় প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রী, পরিবহনশ্রমিক ও সাধারণ মানুষ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের ভারী বৃষ্টির পর বিশ্বরোড মোড়, শান্তিনগর, কুট্টাপাড়া ও শাহবাজপুর এলাকায় যানজটের বিস্তার ঘটে। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এসব এলাকায় ধীরগতিতে যান চলাচল করে।
সরেজমিনে দেখা যায়, বিশ্বরোড গোলচত্বরে সড়ক উন্নয়নকাজ চলায় ঢাকা থেকে সিলেটগামী যানবাহনের জন্য একটি মাত্র লেন চালু রাখা হয়েছে। সিলেট থেকে ঢাকাগামী ও কুমিল্লাগামী যানবাহনের জন্যও একটি লেন ব্যবহৃত হচ্ছে। বৃষ্টির পানিতে সড়কের গর্তগুলো ডুবে যাওয়ায় কিছুক্ষণ পরপর ভারী যানবাহন আটকে পড়ছে। এতে চারদিকে যানজট ছড়িয়ে পড়ে।
সরাইল–খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, বিশ্বরোড এলাকায় সড়ক সংস্কারকাজ চলমান রয়েছে। পাশাপাশি কয়েকটি স্থানে গর্ত থাকায় পণ্যবাহী যানবাহন আটকে পড়ছে, যা যানজটের প্রধান কারণ।
তিনি বলেন, যানজট নিরসনে হাইওয়ে পুলিশের সদস্যরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।