নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই, চারজনের যাবজ্জীবন

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই, চারজনের যাবজ্জীবন

ফাইল ছবি

 

নাটোরে চালককে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইকারী চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। বুধবার বিকালে নাটোরের জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন এই রায় ঘোষণা করেন। 

একই সঙ্গে অর্থদণ্ড অনাদায়ে তিন বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং মামলার অন্য একটি ধারায় তাদের আরো পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড এবং আরো ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই অর্থদণ্ড অনাদায়ে তাদের আরো একবছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মামলায় আরেকজনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হবে। উভয় দণ্ড একই সঙ্গে কার্যকর হবে বলেও বিচারক রায়ে উল্লেখ করেছেন। 

রায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার বাগাতিপাড়া উপজেলার বেগুনিয়া গ্রামের আব্দুল হামেদের ছেলে মো. শরিফুল ইসলাম, একই গ্রামের খোদা বক্স মন্ডলের ছেলে মাজেদুল মন্ডল ও মকবুল হোসেনের ছেলে মো. রানা এবং কুড়িগ্রাম জেলার রাজারহাটের মোস্তফা মন্ডলের ছেলে লিটন ওরফে মিঠন মন্ডল। 

মামলায় অন্য আসামি রাজশাহী জেলার বাঘা এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে মো. শওকত আলী মন্ডলকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আসামিদের মধ্যে মো. রানা শুরু থেকেই পলাতক আছেন।  

আদালত সূত্র জানায়, জেলার রাজশাহী জেলার বাঘা উপজেলার বেড়েরবাড়ী গ্রামের জিয়া সর্দারের কিশোর ছেলে মো. প্রান্ত (১৬) সড়কে ব্যাটারিচালিত ভ্যানগাড়ি চালাতেন। ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর রাত ৮টার দিকে তিন ব্যক্তি আড়ানী বাজার থেকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা বাজারে আসার কথা বলে তার ভ্যানটি ভাড়া করে। সেই রাতে আর প্রান্ত বাড়ি ফিরে আসেনি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। 

পরের দিন সকালে বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের একটি ফসলি জমিতে হাত পা বাঁধা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। নিহত প্রান্তের বাবা জিয়া সর্দার সেদিনই বাগাতিপাড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে জড়িতদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আসামিরা আদালতে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।