নিখোঁজের তিন ঘণ্টা পর ডোবায় মিলল বৃদ্ধার মরদেহ
প্রতিকি ছবি
চট্টগ্রামের পটিয়ায় বাড়ির আঙিনায় লাকড়ি কুড়াতে গিয়ে ডোবায় পড়ে জকিরাজ খাতুন(৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২১ জুলাই) রাতে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব মনসা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত জকিরাজ খাতুন ওই এলাকার মৃত হাফেজা রহমানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজের তিন ঘণ্টা পর রাত দশটার দিকে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা বাড়ির আঙিনার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জকিরাজ খাতুনের ছেলে নাজিম উদ্দীন বলেন, সন্ধ্যার দিকে তার মা বাড়ির আঙিনায় লাকড়ি কুড়াতে যান। লাকড়ি নিয়ে ফেরার পথে তিনি হোঁচট খেয়ে ডোবায় পড়ে যান। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসে খবর দেন। পরে রাত দশটার দিকে প্রায় তিন ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়। তার মা শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে পানিতে পড়ে যাওয়ার পর তিনি আর উঠতে পারেননি।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়।