আসর শুরুর আগেই পদক নিশ্চিত ভারতের
ছবি: সংগৃহীত
কমনওয়েলথ গেমসের উদ্বোধনী লড়াই এখনো শুরুই হয়নি। অথচ ভারতের পদকযাত্রার খাতা খুলে গেছে তার আগেই। রিংয়ে একবারও না নেমেই দেশের জন্য অন্তত একটি পদক নিশ্চিত করে ফেলেছেন অলিম্পিক পদকজয়ী বক্সার লভলিনা বরগোহাঁই।
স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিতব্য এবারের কমনওয়েলথ গেমসে নারীদের ৭৫ কেজি ওজন শ্রেণিতে অদ্ভুত এক সমীকরণ তৈরি হয়েছে। এই বিভাগে কোয়ার্টার ফাইনালের ড্র থাকলেও নির্ধারিত আটজনের পরিবর্তে অংশ নিচ্ছেন মাত্র পাঁচজন বক্সার। শেষ মুহূর্তে তিন প্রতিযোগী নাম প্রত্যাহার করে নেওয়ায় লভলিনাসহ তিনজন সরাসরি সেমিফাইনালে জায়গা পেয়ে গেছেন।
বক্সিংয়ের নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে ওঠা চার বক্সারই নিশ্চিতভাবে পদক পান। দুই ফাইনালিস্ট খেলেন স্বর্ণ ও রুপার জন্য, আর সেমিফাইনালে হেরে যাওয়া দুই বক্সারের গলায় ওঠে ব্রোঞ্জ। সেই হিসেবেই, রিংয়ে নামার আগেই অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়ে গেছে ভারতের।
তবে লভলিনার লক্ষ্য কেবল ব্রোঞ্জে থেমে থাকার নয়। সেমিফাইনালে তার প্রতিপক্ষ টুভালুর তাফাকি। সেই লড়াই জিততে পারলে অন্তত রুপা নিশ্চিত হবে, আর ফাইনালে জয় এলে গলায় উঠবে সোনার পদক।
এবারের কমনওয়েলথ গেমস বসছে স্কটল্যান্ডের গ্লাসগোতে। ৭৪টি দেশের প্রায় তিন হাজার ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন এই আসরে। ১০টি ডিসিপ্লিনে মোট ২১৫টি স্বর্ণপদকের জন্য লড়াই হবে।