যুক্তরাজ্যে সাগরে প্রাণ হারালেন সিলেটের মা-মেয়েসহ তিনজন
প্রতিকি ছবি
এক শিশুকে উদ্ধার করতে গিয়ে যুক্তরাজ্যের সমুদ্রে প্রাণ হারিয়েছেন সিলেটের বংশোদ্ভূত ব্রিটিশ মা ও মেয়েসহ তিনজন। গ্রীষ্মকালীন ছুটি কাটাতে যুক্তরাজ্যের কলচেস্টার ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে বাংলাদেশ সময় বুধবার রাতে তারা দুর্ঘটনার শিকার হন।
নিহতরা হলেন- যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি শেখ মনসুর রহমানের সহধর্মিণী সেলিনা রহমান (৪২), তার কন্যা সামিয়া রহমান (১৫) এবং মনসুরের শ্যালিকার ছেলে মুসা আহমেদ (৯)।
শেখ মনসুর রহমান সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ মকন মিয়ার ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ মকন মিয়ার ছেলে শেখ মাহফুজুর রহমান মুন্না।
মুন্না জানান, কলচেস্টার ওয়েস্ট মার্সি সমূদ্রসৈকতে ঢেউয়ের টানে তার ভাই মনসুর রহমানের শ্যালিকার ছেলে মুসা আহমেদ ভেসে যাচ্ছিল। এসময় তাকে উদ্ধারে তার ভাবি সেলিনা রহমান ও ভাতিজি সামিয়া রহমান সমুদ্রে ঝাঁপ দেন। মুসাকে বাঁচাতে গিয়ে তারাও প্রাণ হারান। দুর্ঘটনার সময় ঘটনাস্থলে ছিলেন সেলিনা রহমানের বাবা মুজিবুর রহমানও।