আধুনিক ও পরিচ্ছন্ন বগুড়া গঠনে বিএনপির মতবিনিময় সভা
সংগৃহীত ছবি
বগুড়াকে পরিচ্ছন্ন ও আধুনিক মহানগরী গঠনকল্পে সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে নগরের টিএমএসএস অডিটোরিয়ামে বগুড়া মহানগর বিএনপির সভাপতি ও পরিচ্ছন্ন ও আধুনিক মহানগরী গঠনকল্পে সমন্বয় কমিটির সদস্য অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজ জেলা বগুড়াকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা নিয়ে কাজ করতে হবে। প্রতিটি ওয়ার্ডে বয়স্ক মুরব্বি ও তরুণ যুবকদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। সরকারের বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত থাকবেন। নগরের প্রতিটি ওয়ার্ডে ১২ থেকে ১৫ জন নিয়ে স্বেচ্ছাসেবী কমিটি গঠন করা হবে। মহাগর সমন্বয় কমিটি পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও সমন্বয় কমিটির সদস্য মাফতুন আহমেদ খান রুবেল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান শামীম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, জেলা শিক্ষা অফিসার রমজান আলী, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রমুখ।