বেনাপোলে মিথ্যা ঘোষণার আড়ালে ইলিশ আমদানি
ফাইল ছবি
বেনাপোল বন্দরে সাদা মাছের ঘোষণা দিয়ে আমদানি করা ঘোষণাবহির্ভূত ১২ কার্টুন ভারতীয় ইলিশ মাছ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা মাছগুলো নিলামে বিক্রি করা হয়েছে।
কাস্টমস সূত্র জানায়, গত ২২ জুলাই ভারত থেকে স্বর্ণালী এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৪৬৪ প্যাকেজে মোট ২৬ হাজার ৩১০ কেজি (গ্রস) এবং ১৩ হাজার ৮৬৪ কেজি (নিট) ওজনের বিভিন্ন ধরনের মিষ্টি পানির সাদা মাছ আমদানি করে। চালানটির মেনিফেস্ট নম্বর ৪৪৬৮৯ (তারিখ: ২২ জুলাই ২০২৬)। এ চালানের সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে দায়িত্বে রয়েছে শাওন শিপিং লাইনস লিমিটেড।
বেনাপোল কাস্টম হাউসের সুপারিনটেনডেন্ট আরিফুল ইসলাম বলেন, কায়িক পরীক্ষার সময় ঘোষণায় উল্লেখিত সাদা মাছের পরিবর্তে ১২ কার্টুনে ৩৬০ কেজি ইলিশ মাছ পাওয়া যায়। ঘোষণাবহির্ভূত হওয়ায় মাছগুলো জব্দ করা হয়েছে। এগুলো বিধি অনুযায়ী নিলামে বিক্রি করা হয়েছে।