রাজশাহীতে মাদক মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড
ফাইল ছবি
রাজশাহী মহানগরীর বেলপুকুর থানায় দায়ের করা একটি মাদক মামলায় মো. খয়বর হোসেন ওরফে সুকুমার (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ-২ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত খয়বর হোসেন নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মধুবন গ্রামের মৃত খলিলের ছেলে।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৮ জানুয়ারি র্যাব-৫, রাজশাহী একটি অভিযান চালিয়ে খয়বর হোসেনকে ৬০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ৮(গ) ধারায় মামলা দায়ের করা হয়।
পরে মামলাটি তদন্ত করে বেলপুকুর থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা অভিযোগের সত্যতা পাওয়ায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষ্য-প্রমাণ, আলামত এবং মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন