বিড়ির নকল ব্যান্ডরোল রাখার দায়ে একজনের কারাদণ্ড

বিড়ির নকল ব্যান্ডরোল রাখার দায়ে একজনের কারাদণ্ড

ফাইল ছবি

রংপুরের হারাগাছে বিড়ির নকল ব্যান্ডরোল মজুদ ও সরবরাহের মামলায় সাইফুল ইসলাম নামে এক আসামির ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে রংপুর মহানগর দায়রা জজ মশিউর রহমান খান এ রায় দেন। 

দন্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলাম কাউনিয়া উপজেলার হারাগাছ মেনাজবাজার ধুমের পাড় গ্রামের সমসুদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। 

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৩০ অক্টোবর সকালে হারাগাছ থানা পুলিশ সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষে চটের বস্তার ভেতর থেকে ৫ হাজার ৭৫০ পিস জাল ব্যান্ডরোল উদ্ধারসহ সাইফুলকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সাইফুলের নামে হারাগাছ থানায় মামলা দায়ের করে। এ মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালতের বিচারক সাইফুলের ১৪ বছরের সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ২ মাসের কারাদন্ড প্রদান করে। 

সরকারপক্ষের আইনজীবী ছিলেন মহানগর দায়রা জজ আদালতের পিপি আব্দুল হাদী বেলাল। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. বদরুল আমিন সেলিম।