সূর্যবংশীর বিশ্বরেকর্ডে জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে ভারত
সংগৃহীত ছবি
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে দারুণ সূচনা করেছে ভারত। বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১৩.২ ওভারেই জয়ের লক্ষ্য ছুঁয়ে ফেলে সফরকারীরা।
হারারের স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ রান তোলে। জবাবে ভারত ৩ উইকেট হারিয়ে অনায়াসেই জয় নিশ্চিত করে।
জয়ের নায়ক বৈভব সূর্যবংশী। বাঁহাতি এই ওপেনার মাত্র ১৯ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৪টি চার ও ৪টি ছক্কা। ২৬৩.১৫ স্ট্রাইক রেটে খেলা এই ইনিংসের পথে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ফিফটি করার বিশ্বরেকর্ড গড়েন।
ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক অর্ধশতক করার সময় সূর্যবংশীর বয়স ছিল ১৫ বছর ১১৮ দিন। এর আগে এই রেকর্ড ছিল নেপালের কুশল মাল্লার দখলে। তিনি ২০২০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডেতে ১৫ বছর ৩৪০ দিন বয়সে ফিফটি করেছিলেন।
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেকে ব্যর্থ হলেও জিম্বাবুয়ের বিপক্ষে নিজের সামর্থ্যের দারুণ প্রমাণ দিলেন সূর্যবংশী।
ভারতের বোলিংয়েও ছিল দাপট। মায়াঙ্ক যাদব ও প্রিন্স যাদব দুটি করে উইকেট শিকার করেন। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
এদিকে, অধিনায়ক হিসেবে এটি শ্রেয়াস আইয়ারের প্রথম টি-টোয়েন্টি জয়।