ইসরায়েলে ভারতীয় শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার
প্রতিকী ছবি
ইসরায়েলের জেরুজালেমের একটি ফ্ল্যাট থেকে এক ভারতীয় কর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় জড়িত সন্দেহে ৩১ বছর বয়সী এক ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী, ৪০ বছর বয়সী ওই ভারতীয় শ্রমিককে মেঝের ওপর পড়ে থাকতে দেখা যায়। তার চারপাশে প্রচুর রক্ত ছিল।
মোরিয়া পুলিশ স্টেশনের প্রধান যুবাল রিউভেন জানান, নিহতের মৃতদেহটি রক্তমাখা অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। ইসরায়েল কর্তৃপক্ষ নিহতের পরিচয় প্রকাশ করেনি, তবে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
আরেক সংবাদমাধ্যম ‘ওয়াইনেটনিউজ’ জানিয়েছে, প্রাথমিক তদন্তে এই ঘটনার পেছনে ‘অপরাধমূলক কর্মকাণ্ডের’ ইঙ্গিত মিলেছে।
এরই জেরে খুনে জড়িত সন্দেহে দক্ষিণাঞ্চলীয় ইলাত শহর থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
বর্তমানে বিপুলসংখ্যক ভারতীয় ইসরায়েলে কর্মরত রয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত দেশটিতে প্রায় ৩২ হাজার ভারতীয় কর্মী অবস্থান করছেন। গত বছরের নভেম্বরে স্বাক্ষরিত এক দ্বিপক্ষীয় চুক্তির আওতায় নতুন করে আরও অনেক কর্মী সেখানে গেছেন; বাকিরা গেছেন ব্যক্তিগত মাধ্যমে।
মূলত নির্মাণ খাত ও কেয়ারগিভার হিসেবেই তারা কাজ করেন। আগামী পাঁচ বছরে সেখানে আরও ৫০ হাজার কর্মী পাঠানোর বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে সম্প্রতি একটি চুক্তিও হয়েছে।