এশিয়ান গেমসে সরাসরি নকআউটে খেলতে পারবে বাংলাদেশ

এশিয়ান গেমসে সরাসরি নকআউটে খেলতে পারবে বাংলাদেশ

প্রতীকী ছবি।

এশিয়ান গেমস ক্রিকেটে পুরুষ বিভাগে সরাসরি নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। অন্যদিকে নারী বিভাগে ড্র অনুযায়ী কোয়ার্টার ফাইনালেই শক্তিশালী চীনের মুখোমুখি হবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ২০২৬ এশিয়ান গেমসের পুরুষ ও নারী ক্রিকেটের ড্র প্রকাশ করা হয়। এবারের আসরে পুরুষ বিভাগে অংশ নেবে ১০টি দল, আর নারী বিভাগে খেলবে ৮টি দল।

পুরুষদের টুর্নামেন্টে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি নকআউটে জায়গা করে নিয়েছে। ফলে প্রথম রাউন্ড খেলতে হবে না টাইগারদের। প্রথম রাউন্ডে বাকি ছয়টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে।

‘এ’ গ্রুপে আফগানিস্তানের সঙ্গী জাপান ও নেপাল। ‘বি’ গ্রুপে লড়াই করবে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপের শীর্ষ দুটি দল নকআউটে উঠে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে যোগ দেবে।

এদিকে নারীদের প্রতিযোগিতা শুরু হবে সরাসরি কোয়ার্টার ফাইনাল দিয়ে। সূচি অনুযায়ী চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারত খেলবে জাপানের বিপক্ষে, শ্রীলঙ্কা খেলবে মালয়েশিয়ার বিপক্ষে আর থাইল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।

নারীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর, আর পুরুষদের আসর গড়াবে ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত।

পুরুষ ও নারী উভয় বিভাগের সব ম্যাচই জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হবে এবং সবগুলোই টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। সবশেষ ২০২৩ এশিয়ান গেমসে পুরুষ ও নারী—দুই বিভাগেই স্বর্ণপদক জিতেছিল ভারত। পুরুষদের ফাইনালে আফগানিস্তান ১৮.২ ওভার ব্যাট করার পর বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয়। সে সময় উচ্চতর বাছাই দল হওয়ায় ভারতকে স্বর্ণপদক দেয়া হয়।

অন্যদিকে নারী বিভাগের ফাইনালে ভারত ১৯ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতেছিল। এবারও দুই বিভাগেই শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে ভারত। আর সরাসরি নকআউটে ওঠায় বাংলাদেশের সামনে থাকবে পদকের লড়াইয়ে ভালো করার বড় সুযোগ।