রাজাপুরের দুই ডাকাতি মামলার চার আসামি কারাগারে

রাজাপুরের দুই ডাকাতি মামলার চার আসামি কারাগারে

ফাইল ছবি

ঝালকাঠির রাজাপুর উপজেলার পৃথক দুটি ডাকাতি মামলার চার আসামিকে কারাগারে পাঠায়েছেন আদালত। শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস।

পুলিশ জানায়, সম্প্রতি উপজেলার চাড়াখালী ও উত্তর বাগড়ি এলাকায় পরপর দুই রাতে ডাকাতির ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে রাজাপুর থানায় পৃথক দুটি ডাকাতি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে নেমে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকা ও কাটাখালীতে অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করে।

তারা হলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর সোনাখালী গ্রামের জুয়েল মৃধা (৪২), বাদুরতলী গ্রামের রাশেদুল হোসেন (২৫), মিরুখালী গ্রামের হাসান হাওলাদার (৩০) এবং ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বাশবুনিয়া গ্রামের শাহ আলম সিকদার (৪৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজাপুর থানার ১৬ নম্বর ডাকাতি মামলায় জুয়েল মৃধা, রাশেদুল হোসেন ও হাসান হাওলাদারকে এবং ১৮ নম্বর ডাকাতি মামলায় শাহ আলম সিকদারকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাদের রাজাপুর থানায় সোপর্দ করা হয়।

আদালতে হাজির করা হলে বিচারক চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, পৃথক দুটি ডাকাতি মামলার চার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে। এ দুই ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।