কাফরুলে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২
ফাইল ছবি
রাজধানীর কাফরুলে দুর্বৃত্তদের গুলিতে ইউসুফ আলী নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় নালাম সরদার ও মনির হোসেন নামে আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) রাত পৌনে ১২টার দিকে মিরপুর-১৩ এলাকার শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। অপর দুই গুলিবিদ্ধ চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের হাসপাতালে নিয়ে আসা মামুন জানান, ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হয়। চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন এবং বাকি দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনের চিকিৎসা চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
এদিকে, ঘটনার পর স্থানীয় জনতা অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।