ইউক্রেনে ড্রোন প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ১০
সংগৃহীত ছবি
ইউক্রেনে রাশিয়ার নতুন হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানী কিয়েভের কাছে একটি ড্রোন প্রযুক্তি প্রদর্শনীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জনের মৃত্যু হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, দিনের বেলায় চালানো ওই হামলায় প্রায় ১০০ জন আহত হয়েছেন। প্রদর্শনীতে প্রতিরক্ষা খাতের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন।
এদিকে, পূর্বাঞ্চলীয় স্লোভিয়ানস্ক শহরে রাশিয়ার গ্লাইড বোমা হামলায় আরও পাঁচজন নিহত হন।
শুক্রবার সন্ধ্যায় জেলেনস্কি জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়া আরও একটি বড় ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে। তার আশঙ্কা, হামলাটি সেদিনই বা পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে হতে পারে।
কিয়েভের কাছে হামলার পর প্রথমে ধারণা করা হয়েছিল, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সেরহি বেসক্রেস্টনভ (ফ্ল্যাশ) এবং সেনাবাহিনীর প্রযুক্তি উন্নয়নের সঙ্গে যুক্ত লিউবা শিপোভিচ হতাহত হয়েছেন। তবে পরে দুজনই সামাজিক মাধ্যমে জানান, তারা নিরাপদ আছেন। বেসক্রেস্টনভ বলেন, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তিনি অনুষ্ঠানে যাননি।
ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত জানান, হামলায় তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। এর মধ্যে মাত্র একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা সম্ভব হয়েছে। .
হামলার বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, দূরপাল্লার নির্ভুল অস্ত্র ব্যবহার করে এমন একটি স্থাপনায় হামলা চালানো হয়েছে, যেখানে রাশিয়ার বেসামরিক এলাকায় হামলার জন্য ব্যবহৃত ড্রোন প্রদর্শন করা হচ্ছিল।
রাশিয়ার দাবি, সেখানে ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান, ইউক্রেনের ড্রোন বাহিনী এবং রাশিয়ার ভূখণ্ডে হামলার পরিকল্পনায় যুক্ত নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অন্যদিকে, রাতের বেলায় ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার কিরভ শহরে ছয়জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। শহরটি যুদ্ধের সম্মুখসার থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত।
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন জেলেনস্কি
আগামী সপ্তাহে জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, তিনি মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
রোমানিয়ার আকাশসীমায় রুশ ড্রোন ভূপাতিত
এদিকে, রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুসর দান জানান, শুক্রবার দেশটির আকাশসীমায় প্রবেশ করা একটি রুশ ড্রোন রোমানিয়ার একটি এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। অবশ্য এ ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি রাশিয়া।
তথ্যসূত্র : বিবিসি