লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের
আন্তোনিও গুতেরেস
লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথি বিদ্রোহীদের পুনরায় হামলা শুরুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
শুক্রবার (স্থানীয় সময়) নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানান, এই হামলাগুলো ইয়েমেনকে আরও গভীরভাবে আঞ্চলিক সংঘাতে জড়িয়ে ফেলতে পারে এবং দেশটিতে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। পাশাপাশি এর ফলে গুরুতর অর্থনৈতিক, মানবিক ও পরিবেশগত পরিণতি দেখা দিতে পারে।
দুজারিক বলেন, বাব আল-মান্দেব প্রণালি ও এর আশপাশের জলপথে আন্তর্জাতিক নৌ-চলাচলের অধিকার ও স্বাধীনতা অবশ্যই পুরোপুরি পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরও জানান, মহাসচিব গুতেরেস অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের অনুরোধ করেছেন।
বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্যবাহী জাহাজ চলাচল করে। ফলে এ অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।