৫৬ বছরে ফের বাবা বিধায়ক কাঞ্চন মল্লিক

৫৬ বছরে ফের বাবা বিধায়ক কাঞ্চন মল্লিক

ফাইল ছবি

টলিপাড়ায় এল খুশির খবর। ৫৬ বছর বয়সে ফের বাবা হলেন অভিনেতা ও বিধায়ক কাঞ্চন মল্লিক। দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী শ্রীময়ী। প্রথম কন্যা সন্তানের পর এবার তাঁদের ঘর আলো করে এসেছে এক পুত্রসন্তান। তবে এটি কাঞ্চানের তৃতীয় সন্তান। 

শনিবার (২৫ জুলাই) সমাজিক মাধ্যমে একটি পারিবারিক ছবি শেয়ার করে সুখবরটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন এ দম্পতি। পোস্টে লেখেন, ‘আজ আমাদের হৃদয় আর সংসার আরও একটু পূর্ণ হলো। আমাদের মেয়ে কৃষভির ছোট ভাই, কৃষিভ আজ পৃথিবীতে এসেছে। আমাদের ছোট পরিবার তিন থেকে চার হলো। পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাতে আমরা আনন্দে আত্মহারা। জীবনের নতুন অধ্যায় শুরুর জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

জানা গেছে, মা ও সদ্যোজাত দুইজনে সুস্থ রয়েছেন। শ্রীময়ী গণমাধ্যমকে বলেন, ‘আমি এবং ছেলে দুইজনে সুস্থ আছি। কৃষভির ভাই এসেছে। আমরা ভীষণ খুশি।’

এর আগে প্রথম সন্তান কৃষভির জন্মের খবরও বেশ কিছুদিন গোপনে রেখেছিলেন তারকা দম্পতি। পরবর্তীতে কালীপুজোর পর মেয়ের আগমনের কথা প্রকাশ্যে এনেছিলেন তাঁরা। এবার প্রথম সন্তানের জন্মের প্রায় দেড় বছরের মাথায় ফের বাবা-মা হলেন তাঁরা। যদিও বিধানসভা নির্বাচনের সময় শ্রীময়ীর একটি ছবি ঘিরে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুরু হয়েছিল। তবে তখন বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে রাজি হননি।