ব্রাহ্মণবাড়িয়ায় তিন খাদ্য প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ লাখ টাকা
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বিসিক শিল্পনগরীতে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৬ জুলাই) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে বিসিক শিল্পনগরীর তিনটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন আলী জানান, অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানগুলোতে মুড়ি উৎপাদনে শিল্পকারখানায় ব্যবহৃত লবণ (ইন্ডাস্ট্রিয়াল গ্রেড লবণ) ব্যবহার করা হচ্ছিল। এছাড়া অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণও পাওয়া যায়, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর বিধান পরিপন্থী।
তিনি আরও জানান, নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানের প্রত্যেককে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আসিফুর রহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্যবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।