যে কারণে ফুটবলে হেডিং নিষিদ্ধ করল ইতালিয়ান ক্লাব কোমো

যে কারণে ফুটবলে হেডিং নিষিদ্ধ করল ইতালিয়ান ক্লাব কোমো

ছবি: সংগৃহীত

ফুটবলারদের মস্তিষ্কের সুরক্ষায় বড় এক বৈপ্লবিক পদক্ষেপ নিল ইতালিয়ান সেরি আ-র ক্লাব কোমো। অনূর্ধ্ব-১১ দলের খেলোয়াড়দের জন্য অনুশীলন ও ম্যাচ- উভয় ক্ষেত্রেই হেডিং পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করেছে তারা। ক্লাবের বোর্ড সদস্য এবং ফ্রান্সের সাবেক বিশ্বকাপজয়ী তারকা রাফায়েল ভারানের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এই নিয়মের অধীনে অনূর্ধ্ব-৮, অনূর্ধ্ব-৯ এবং অনূর্ধ্ব-১০ দলের তরুণ খেলোয়াড়রা অনুশীলনে বা ম্যাচে কোনো হেডিং করতে পারবে না। এমনকি থ্রো-ইনের ক্ষেত্রেও হাত দিয়ে বল না ছুড়ে পা দিয়ে গড়িয়ে পাস দিয়ে খেলা শুরু করতে হবে।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে ৩৩ বছর বয়সী সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ভারান বলেন, "১৬ বছর বয়সে আমি দুবার মাথায় মারাত্মক চোট পেয়েছিলাম, তাই এই ঝুঁকির বিষয়ে আমি সচেতন। খেলোয়াড়ি জীবনে বেশ কিছু বিশেষজ্ঞ চিকিৎসকের সান্নিধ্যে এসে মস্তিষ্কের এই আঘাত বা কনকাশনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ হয়েছে।"

শিশুদের মস্তিষ্ক বিকশিত হওয়ার বয়সে ফুটবল হেডিংয়ের প্রভাব নিয়ে উদ্বেগ থেকে ইউরোপ জুড়ে এই ধরণের নিয়ম তৈরির প্রবণতা বাড়ছে। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনও অনূর্ধ্ব-১১ পর্যায় পর্যন্ত হেডিং নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে এবং ফ্রান্সে অনূর্ধ্ব-১০ পর্যায় পর্যন্ত এটি স্থগিত রাখা হয়েছে।

এই পদক্ষেপের সিদ্ধান্তকে আরও জোরদার করে সম্প্রতি ইংলিশ ফুটবলের একটি ঘটনা। চলতি মাসের শুরুতেই আদালতের রায়ে জানানো হয়, ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ী ইংলিশ ফুটবলার নবি স্টাইলস বারবার বল হেডিং করার কারণে সৃষ্ট মস্তিষ্কের রোগে ভুগে মারা যান। বিশেষজ্ঞ পরীক্ষায় তাঁর মস্তিষ্কে আলঝেইমার্সের পাশাপাশি 'ক্রনিক ট্রমাটিক এনসেফালোপ্যাথি' ধরা পড়ে, যা বারবার মাথায় আঘাত বা হেডিংয়ের ফলে ঘটে থাকে। আমেরিকার ফুটবল এবং রাগবির মতো কোমো-র এই সিদ্ধান্তও ফুটবলে মস্তিষ্কের সুরক্ষা নিশ্চিত করার এক বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।