দেয়াল ভেঙে কুর্মিটোলা হাসপাতালে বাস, নিহত ১

দেয়াল ভেঙে কুর্মিটোলা হাসপাতালে বাস, নিহত ১

সংগৃহীত

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভেতরে প্রবেশ করলে চাপা পড়ে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (২৭ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসের ধাক্কায় হাসপাতালের গেট সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের দেয়াল ভেঙে গেছে। ঘটনার পর পরিস্থান পরিবহণের বাসটির চালককে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম। তিনি একটি হোটেলের কর্মচারী। 

বাসের যাত্রীরা জানান, কুর্মিটোলা আসার পর যাত্রী নামানোর জন্য বাস চালক রাস্তার পাশে দাঁড় করানোর চেষ্টা করলে ব্রেক ফেল হয়ে হাসপাতালের রাস্তায় ঢুকে যায়। বাসের ধাক্কায় হাসপাতালের গেট সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের দেয়াল ভেঙে যায়। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা দুজনের একজন সরে গেলেও অন্যজন বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। বাসের ভেতরে থাকা শিশুসহ দুজন আহত হন। দুর্ঘটনার পর বাসের ড্রাইভারকে আটক করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসান বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসের চালককে আটক করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।