ইন্ডিয়ান আইডল জয় জ্যোতির্ময়ীর
ছবিঃ সংগৃহীত।
দীর্ঘ ১০ মাসের রোমাঞ্চকর যাত্রা শেষে পর্দা নামল জনপ্রিয় সংগীত রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এর। এবারের আসরে সেরার মুকুট জিতে নিয়েছেন ওড়িশার ২৪ বছর বয়সী গায়িকা জ্যোতির্ময়ী নায়েক। প্রথম রানার আপ হয়েছেন জাবালপুরের তানিষ্ক শুক্লা।
বিজয়ী হিসেবে জ্যোতির্ময়ীর হাতে তুলে দেওয়া হয়েছে বর্ণাঢ্য ট্রফি এবং ২০ লাখ রুপি পুরস্কার। ওড়িশা থেকে আসা প্রথম কোনো প্রতিযোগী হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করলেন। এবারের আসরের বিচারকের আসনে ছিলেন শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি ও বাদশা। দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় আসরটির সময়সীমা দুই দফায় ৩ মাস করে বাড়ানো হয়েছিল।
বিজয়ীর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জ্যোতির্ময়ী বলেন, “গত বছরের ১৪ সেপ্টেম্বর আমি মুম্বাইয়ে এসেছিলাম। দীর্ঘ এই জার্নিটি ছিল শেখার এবং পাওয়ার। আমি কখনোই পুরস্কারের অর্থের কথা ভাবিনি, শুধু নিজের সেরাটা দিতে চেয়েছি।”
জ্যোতির্ময়ী পেশায় একজন মিউজিক থেরাপিস্ট। তিনি গান গেয়ে ক্যানসার রোগীদের মানসিকভাবে সুস্থ হতে সাহায্য করতেন। নিজের এই জয়কে সেই রোগীদের আশীর্বাদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আমি যখন তাদের গান শোনাতাম, তারা খুশি হতেন এবং আমাকে ইন্ডিয়ান আইডলের মঞ্চে দেখার স্বপ্ন দেখতেন। আজ তাদের স্বপ্ন পূরণ হয়েছে।”
জ্যোতির্ময়ী ভবিষ্যতে বলিউডে প্লেব্যাক করার স্বপ্ন দেখছেন। গ্র্যান্ড ফিনালেতে বিচারকদের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উষা উথুপ, উদিত নারায়ণ, কুমার সানু, শেহনাজ গিল ও উর্মিলা মাতন্ডকর।