রংপুরে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ২

রংপুরে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ২

প্রতিকি ছবি

রংপুরের পীরগঞ্জ উপজেলায় বস্তাবন্দী অবস্থায় নার্গিস বেগম (৪৬) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার কুমেদপুর ইউনিয়নের শিবপুর গ্রাম ফসলের ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নার্গিস লতারপাড়া গ্রামের রাসেল মিয়ার স্ত্রী। তিনি কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পুলিশ স্বামী রাসেল মিয়াসহ পরিবারের আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে গেছে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে শিবপুর গ্রামের একটি জমি চাষ করার সময় একটি বস্তা স্থানীয়দের নজরে আসে। পরে সেটি খুলতেই নার্গিসের অর্ধগলিত লাশ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধারসহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

পীরগঞ্জ থানার ওসি নাজমুল হক বলেন, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামীসহ দুইজনকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের ভাই মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন।