ছোটবেলা থেকে বুলিংয়ের শিকার হয়েছি: ইয়াশ রোহান

ছোটবেলা থেকে বুলিংয়ের শিকার হয়েছি: ইয়াশ রোহান

ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। চরিত্রকে জীবন্ত করে ফুটিয়ে তুলতে জুড়ি মেলা ভার। তবে ক্যারিয়ারে সাফল্যের আড়ালে লুকিয়ে আছে স্কুলে পড়াকালীন ভয়াবহ বুলিং এবং মানসিক নিপীড়নের গল্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে শৈশবের বুলিংয়ের কথা প্রকাশ করেছেন এ অভিনেতা।

ইয়াশ রোহান বলেন, ‘আমার স্কুলজীবন ছিল অত্যন্ত কঠিন। কারণ, আমি স্কুলের ওই ছেলেটা ছিলাম যে সবার থেকে হয়তো একটু খাটো ছিলাম। যে হয়তো চেহারার দিক দিয়ে অন্যদের থেকে অপরিণত দেখতে ছিল। একদম ছোটবেলা থেকে প্রচুর বুলিংয়ের শিকার হতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কেন বুলিং করা হতো তার নির্দিষ্ট কোনো কারণ আজও খুঁজে পাই না। বুলিংয়ের পেছনে সব সময় যুক্তিসংগত কারণ থাকে না। কিন্তু আমি নিয়মিতই আমার স্কুলে, ক্লাসে বুলিংয়ের শিকার হতাম।’

ইয়াশ যোগ করেন, ‘এখন যেমন বুলিং নিয়ে অনেক সচেতনতা তৈরি হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল এ ব্যাপারে কঠোর হচ্ছে। তবে সব স্কুলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে, তা নয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জোর দিয়ে এটা নিয়ন্ত্রণ করা হয়। আমাদের স্কুলে তখনও বুলিং নিয়ে কোনো সচেতনতা ছিল না। তখন এটাকে যে বুলিং বলে, সেটাই বুঝতাম না, জানতাম না।’

স্কুলজীবনের ঘটনা ইয়াশকে আজও তাড়িয়ে বেড়ায়। অভিনেতার ভাষ্য, ‘আমি স্কুলে অনেক নির্যাতিত হয়েছি। আমার স্কুলজীবন ছিল খুবই ভয়ংকর। সবাই স্কুলের কথা বলে, অনেক স্মৃতি থাকে। কিন্তু আমার স্কুলজীবনের ভালো কোনো স্মৃতি নেই।’

বরেণ্য অভিনেতা নরেশ ভূঁইয়া ও শিল্পী সরকার অপুর ছেলে ইয়াশ রোহান। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে অভিষেক হয়।