বিশ্বকাপের এক সপ্তাহ পর মুখ খুললেন আর্জেন্টাইন কোচ
ছবি: ফাইল ফটো
বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশির পর মাঠে উত্তেজনা আর সংঘর্ষের যে দৃশ্য দেখা গিয়েছিল, তার রেশ কাটতে না কাটতেই আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি নিজের খেলোয়াড়দের পক্ষে সোচ্চার হয়ে উঠলেন।
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই রাতে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনা দলের আগ্রাসী খেলা ও মাঠের বাইরের আচরণ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিল আলবিসেলেস্তেরা। ফিফাও ঘটনার তদন্ত শুরু করেছে।
এক সপ্তাহ পর নিজ শহরে ফিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে স্কালোনি লিখেছেন, ‘একটি কঠিন সপ্তাহের পর, দুঃখের সঙ্গে আনন্দ, অশ্রুর সঙ্গে হাসি, উদ্বেগের সঙ্গে প্রশান্তি মিশে যাওয়ার পর এখন কয়েকটা কথা বলতে পারছি।’
তিনি বলেন, ‘আমি দুঃখিত যে তোমাদের আরেকটি বিশ্বকাপ এনে দিতে পারিনি। মাত্র কয়েকদিনের জন্য হলেও জীবনের সব কষ্ট ভুলিয়ে দিতে পারতাম। তবে আমি যা দেখাতে চেয়েছি, সেটা গ্রহণ করো। আমার খেলোয়াড়রা যোদ্ধা। আমি আমার স্ত্রীর কাছে সবসময় তাদের এভাবেই বর্ণনা করি।’
স্কালোনি আরও লিখেছেন,‘প্রচেষ্টা, উদ্যম আর আবেগ; এটাই আমার মনোভাব। যখন পরিস্থিতি সবচেয়ে কঠিন হয়, যখন আর কিছুই অবশিষ্ট থাকে না, তখনও নিজের সর্বস্ব দিয়ে লড়াই করা। যারা আমাদের চেনে না, তারাই শুধু সমালোচনা করে।’
কোচিং স্টাফ, খেলোয়াড়, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মীসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্কালোনি। তিনি বলেছেন, ‘যারা নেপথ্যে নীরবে কাজ করে দলকে স্বাচ্ছন্দ্য দিয়েছেন এবং ভালোবাসা দেখিয়েছেন, তাদের প্রতি চিরকৃতজ্ঞ।’