রাকসু ভবনে হামলা: গ্রেফতার ২, তদন্ত কমিটি গঠনের ঘোষণা
ছবি: ফাইল ফটো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাকসু ভবনে হামলার ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনার তদন্তে দ্রুত একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘোষণার পর রাকসু ও হল সংসদের নেতারা তাঁদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপাচার্যের সঙ্গে রাকসু, হল সংসদ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
বৈঠক শেষে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, উপাচার্য এক ঘণ্টা সময় চেয়েছিলেন এবং সেই সময়ের মধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এ জন্য উপাচার্যকে ধন্যবাদ জানান। তাঁর ভাষ্য, অভিযুক্ত দুজনকে পুলিশ নিজ উদ্যোগে মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। তবে হামলার ঘটনায় জড়িত সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ-সংশ্লিষ্টতার অভিযোগ থাকা আনাস ও হাসান নামে দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি বলেন, প্রকাশ্যে ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে দ্রুত একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উপাচার্য।
উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, দ্রুত একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির মাধ্যমে ঘটনার তথ্য-উপাত্ত যাচাই করা হবে। পরে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সোমবার দুপুরে রাকসু ভবনে হামলার ঘটনায় রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার ও তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব আহত হন। পাল্টা প্রতিরোধে আহত হন হামলার অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তিও।
এ ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন রাকসু ও হল সংসদের নেতারা। পরে উপাচার্যের সঙ্গে বৈঠকে প্রশাসনের সিদ্ধান্তের পর কর্মসূচি প্রত্যাহার করা হয়।