ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
ছবিঃ সংগৃহীত।
বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক অগ্রাধিকার সম্পর্কে ধারণা নিতে আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। সফরে তিনি সরকারের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র অনুযায়ী, সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন সার্জিও গোর। একই দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও তার সাক্ষাৎ হতে পারে।
সম্প্রতি ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান রিজিওনাল ফোরামে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীসহ এ অঞ্চলের বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সার্জিও গোর। সেখান থেকে ভারত হয়ে তিনি ঢাকা আসছেন।
কূটনৈতিক সূত্রগুলোর ধারণা, সফরে বাংলাদেশ-চীন সম্পর্কের বর্তমান অবস্থা, বিশেষ করে সাম্প্রতিক সময়ে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেতে পারে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাস্তবায়নে বাংলাদেশের অবস্থানও পর্যালোচনা করা হতে পারে।
এ বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করেন। একই সঙ্গে তুরস্কের সঙ্গেও বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের উদ্যোগ দেখা যাচ্ছে।
ওয়াশিংটনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবিরের মতে, বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় যুক্তরাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার চীনের প্রভাব মোকাবিলা করা। এ কারণে বাংলাদেশ-চীন সম্পর্ক এবং সম্ভাব্য বড় প্রকল্পগুলোর বিষয়ে ওয়াশিংটনের আগ্রহ থাকা স্বাভাবিক।
অন্যদিকে, বেইজিংয়ে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমদ মনে করেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও কোনো বিষয়ে বাংলাদেশকে একতরফাভাবে বাধ্য করা সহজ হবে না। তার মতে, দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক স্বার্থের ভিত্তিতেই এগোবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ওবায়দুল হক বলেন, বাংলাদেশ একই সঙ্গে যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক ও অন্যান্য অংশীদার দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তবে সেই সম্পর্ক যেন যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক না হয়—ওয়াশিংটন এ বিষয়ে আশ্বস্ত হতে চাইতে পারে।
উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এর আগেও দুইজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ঢাকা সফর করেছেন। গত মার্চে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং দুই মাস আগে সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেন।