শাপলা চত্বরের মামলায় আত্মসমর্পণ করবে লতিফ সিদ্দিকী
ছবিঃ সংগৃহীত।
মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।
বুধবার (২৯ জুলাই) শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় হাজিরা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
লতিফ সিদ্দিকী বলেন, “আমি জানি, আজ যদি আদালতে না আসতাম, তাহলে মনে করা হতো আমি আত্মগোপনে চলে গেছি। পুলিশ যদি আমাকে গ্রেফতার না করে, তাহলে আগামী রোববার বা সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে আত্মসমর্পণ করব।”
এদিন শাহবাগ থানার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে পুলিশ নির্ধারিত দিনে তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করেন। লতিফ সিদ্দিকীসহ মামলার অন্যান্য আসামিরাও আদালতে হাজিরা দেন।
উল্লেখ্য, ২০১৩ সালের মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন।
এ মামলায় ইতোমধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান, আবদুল জলিল মণ্ডল এবং শাহরিয়ার কবির গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।