নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায় শুরু হলো। টি-টোয়েন্টির পর এবার সাদা বলের আরেক ফরম্যাট ওয়ানডেতেও নতুন অধিনায়ক পেল দল। লিটন কুমার দাসের কাঁধে উঠল এই দায়িত্ব। আর টেস্ট ফরম্যাটে অপরিবর্তিত রাখা হয়েছে নাজমুল হোসেন শান্তকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল আজ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি জানান, ‘তিন ফরম্যাটে তিন ক্যাপ্টেন ছিল। আমি মনে করি, আমাদের দুইজন ক্যাপ্টেন থাকা উচিত। বোর্ডও বিশ্বাস করে দুইজন ক্যাপ্টেন থাকা উচিত।’
লিটনের সহকারী হিসেবে সাদা বলের ক্রিকেটে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) দায়িত্ব পেয়েছেন তাওহীদ হৃদয়। এই পরিবর্তনের মাধ্যমে দলের নেতৃত্বে নতুনত্ব আনার চেষ্টা করছে বিসিবি।
এর আগে ২০২৫ সালের জুন মাসে নাজমুল হোসেন শান্তর পরিবর্তে মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে অধিনায়ক করা হয়। চলতি বছরের এপ্রিলে তার মেয়াদ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছিল। মিরাজের নেতৃত্বে ঘরের মাঠে দল ভালো করলেও বিদেশের মাটিতে প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিশেষ করে বিদেশে ১৩ ওয়ানডেতে মাত্র ২টি জয় পেয়েছে বাংলাদেশ।
মোট ২৪ ওয়ানডেতে মিরাজের নেতৃত্বে ১০ জয়, ১৩ হার এবং ১টি ম্যাচ টাই হয়। তবে সিরিজের হিসেবে তিনি বেশ সফল, পাঁচ সিরিজের মধ্যে চারটিতেই জয় পেয়েছিলেন দল।
সংবাদ সম্মেলনে তামিম ইকবাল মিরাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘মিরাজ সফল একজন ক্যাপ্টেন। সে পাঁচটা সিরিজরে মধ্যে চারটা সিরিজ জিতেছে। মিরাজকে আমরা যেভাবে দেখতে অভ্যস্ত, একজন পারফর্মার হিসেবে। সম্প্রতি তাকে আমরা সেভাবে দেখছিনা, বিশেষ করে ব্যাটিংয়ে। আশা করি সে রিদমে ফিরবে। আমি মিরাজের সঙ্গে কথা বলেছি। তাকে ব্যাখ্যা দিয়েছি। সে বিষয়টা বুঝতে পেরেছে। দুই পাশ থেকে সবুজ সংকেত পাওয়ার পরেই এই সিদ্ধান্ত।’