কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১

কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১

ছবিঃ সংগৃহীত।

কুয়েতের উত্তরাঞ্চলে একটি চীনা প্রতিষ্ঠানের মালিকানাধীন ভবনে হামলা চালিয়েছে ইরান।এতে অন্তত একজন নিহত হয়েছে।

হামলায় ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে বলে জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার এক বিবৃতিতে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র সৌদ আল আতওয়ান জানান, হামলার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে জরুরি উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করে।

একই সঙ্গে অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

তবে হামলার ধরন, কীভাবে এটি সংঘটিত হয়েছে কিংবা নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করেনি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সৌদ আল আতওয়ান বলেন, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কুয়েতের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি নাগরিক ও বিদেশি বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে কাজ করছে সেনাবাহিনী।

তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে এবং পরিস্থিতির ওপর নিরাপত্তা বাহিনী নিবিড়ভাবে নজর রাখছে।

এই হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা নতুন করে মধ্যপ্রাচ্যজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা, জ্বালানি অবকাঠামো ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে আক্রমণ এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে উপসাগরীয় দেশগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিশ্লেষকদের মতে, কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে হামলার ঘটনা সংঘাতের ভৌগোলিক বিস্তৃতি আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে বিদেশি প্রতিষ্ঠান ও অবকাঠামোও এখন ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।