রুপার গয়নার কালচে ভাব দূর করবেন যেভাবে

রুপার গয়নার কালচে ভাব দূর করবেন যেভাবে

ফাইল ছবি

স্বর্ণের আকাশছোঁয়া দাম ও আধুনিক ডিজাইনের কারণে বর্তমানে ফ্যাশনে রুপার গয়নার জনপ্রিয়তা তুঙ্গে। হালকা স্টেটমেন্ট কিংবা সাবেকি—যেকোনো সাজেই এখন আভিজাত্যের প্রতীক হয়ে উঠেছে রুপা।

তবে রুপার গয়না ব্যবহারে প্রধান সমস্যা হলো, কিছুদিন পরই বাতাস ও আর্দ্রতার সংস্পর্শে এসে গয়নার গায়ে কালো আস্তরণ পড়ে যায়, যাকে ‘টার্নিশ’ বলা হয়।রাসায়নিক পলিশ ছাড়াও সম্পূর্ণ ঘরোয়া উপায়ে খুব সহজে রুপার গয়নার এই কালচে ভাব দূর করা সম্ভব। চলুন, জেনে নিই।

তরল সাবানের ব্যবহার: বাসন ধোয়ার তরল সাবান ও নরম স্পঞ্জ দিয়ে গয়না মেজে ধুয়ে নিন।

ধোয়ার পর শুকনো কাপড় দিয়ে দ্রুত মুছে নিতে হবে, যাতে খাঁজে পানি জমে না থাকে।

অ্যালুমিনিয়াম ফয়েল ও গরম পানি: একটি পাত্রে অ্যালুমিনিয়াম ফয়েল বিছিয়ে গরম পানি ঢালুন এবং তাতে গয়নাগুলো রাখুন। কিছুক্ষণ পর কালো আস্তরণ উঠে গেলে শুকনো কাপড় দিয়ে মুছে নিন।

চক পাউডারের পেস্ট: চক পাউডার (ক্যালসিয়াম কার্বনেট) পানির সঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে গয়নায় মাখিয়ে রাখুন।

নরম কাপড় দিয়ে আলতো ঘষে ধুয়ে নিলেই গয়না নতুনের মতো চকচকে হবে।

সংরক্ষণ করবেন যেভাবে
গয়না শুধু পরিষ্কার করাই যথেষ্ট নয়, এটি দীর্ঘদিন ভালো রাখতে সঠিক উপায়ে সংরক্ষণ করা জরুরি:

আর্দ্রতামুক্ত জায়গা: রুপার গয়না সব সময় ঠাণ্ডা ও শুষ্ক জায়গায় কাগজের টিস্যু বা গোলাপি কাগজে মুড়িয়ে পলিথিন ব্যাগে রাখুন, যাতে আলো-বাতাস না লাগে।

সিলিকা জেল ও চারকোল: গয়নার বাক্সে সিলিকা জেল বা অ্যাক্টিভেটেড চারকোলের প্যাকেট রাখুন, যা অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয়।

অ্যান্টি-টার্নিশ ক্লথ: গয়না সুরক্ষিত রাখতে অ্যান্টি-টার্নিশ কাপড়ে মুড়ে রাখা যেতে পারে।