শীতলক্ষ্যা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতিকি ছবি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উত্তর মোক্তারপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো কালীগঞ্জ উপজেলার উত্তর মোক্তারপুর এলাকার মো. আতাউর রহমান শেখের ছেলে লাবিবুল আল হাসান (১০) এবং কাপাসিয়া উপজেলার দড়ি নাসেরা এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে রায়হান ইসলাম রাব্বি (১২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে লাবিবুল ও রাব্বি। একপর্যায়ে রাব্বি পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে লাবিবুলও গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় আশপাশে থাকা শিশু-কিশোরদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার অভিযান চালান।
পরে নদী থেকে লাবিবুলকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অন্যদিকে রাব্বিকে উদ্ধার করে নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।