শেয়ারবাজারে মূলধন বাড়লেও কমেছে লেনদেন
ফাইল ছবি
শেয়ারবাজারে গত সপ্তাহের অধিকাংশ সময় সূচক উর্ধ্বমুখী প্রবণতায় ছিল। এ সময় সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এর ধারাবাহিকতায় বেড়েছে বাজার মূলধনও। তবে কমেছে লেনদেনের পরিমাণ। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৮৬৩ কোটি টাকা।
শনিবার (১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫ হাজার ১৩৩ কোটি টাকা। আগের সপ্তাহের বাজার মূলধন ছিল ৭ লাখ ১ হাজার ২৭০ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৮৬৩ কোটি টাকা।
বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৯৫ পয়েন্টে নেমে এসেছে। একই সময়ে ডিএস৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১৭ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৫ পয়েন্টে অবস্থান করছে।
গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ১ হাজার ৫৯ কোটি ৯২ লাখ টাকা। যা আগের সপ্তাহের তুলনায় কম। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছিল ১ হাজার ৬৩ কোটি টাকা। ডিএসইতে গত সপ্তাহে মোট লেনদেন হয়েছে ৫ হাজার ২৯৯ কোটি ৬১ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ৩১৬ কোটি ৩৩ লাখ টাকা।
ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৬৪টির কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ৮৯টির। এছাড়া অপরিবর্তিত ছিল ৩৫টি কোম্পানির দাম।